মানিকদীতে ক্র্যাকপ্লাটুনের ইভি চার্জিং স্টেশন উদ্বোধন
রাজশাহী ও রাজধানীর তেজগাঁওতে দুটি ইভি চার্জিং স্টেশন স্থাপনের পর এবার ঢাকা ক্যান্টনমেন্টের মানিকদীতে দেশের তরুণ উদ্ভাবকদের প্রতিষ্ঠান ক্র্যাকপ্লাটুনের ইলেক্ট্রিক ভেহিক্যালের চার্জিং পয়েন্ট উদ্বোধন করলো ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।
শনিবার (২৫ নভেম্বর) বিকেলে ওই এলাকার ৫নং মাটিকাটা রোডে 'সুমাত্রা ফিলিং স্টেশন'-এ ইলেক্ট্রিক এই ইভিপয়েন্ট উদ্বোধন করেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে ডেসকো বোর্ডের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মুনীরা সুলতানা, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. কাওসার আমীর আলী ছাড়াও ক্র্যাকপ্লাটুন চার্জিং সল্যুশন লিমিটেডের উদ্ভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ গাড়িকে বৈদ্যুতিক গাড়িতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। ২০২৫ সালের মধ্যে তেল-গ্যাসের গাড়ি কমিয়ে বিদ্যুৎচালিত গাড়ি বাড়ানো হবে। এর মধ্যে ৪০ লাখ গাড়ি আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার ৩০ ভাগ বা ১২ লাখ গাড়ি হবে বিদ্যুৎচালিত। সেই লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের আওতাধীন ৬টি বিতরণ কোম্পানিকে সঙ্গে নিয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে উদ্বুদ্ধ করতে ৬টি ইলেক্ট্রিক ভেহিক্যাল চার্জিং স্টেশন স্থাপন করার উদ্যোগ নেয়া হয়েছে। উদ্যোগ বাস্তবায়নে ইতোমধ্যে রাজশাহী ও তেজগাঁওতে দুটি চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে। ডিজেলে চালিত গাড়ির চেয়ে বিদ্যুতিক গাড়ির খরচ তিনগুন কম। তাই পরিবেশ সুরক্ষায় বিদ্যুৎচালিত গাড়ি বাড়াতে হবে। তাছাড়া ডিজেল আমদানি করতে আমাদের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ হয়। আমরা যদি দেশের মোট যানবাহনের ৩০ ভাগ গাড়িকে বিদ্যুৎচালিত করতে পারি তাহলে ডিজেল আমদানি অনেকাংশে কমে যাবে। আশা করা যায়, ২০৪১ সালের মধ্যে দেশের ৪০ ভাগ বিদ্যুৎ আসবে নবায়নযোগ্য জ্বালানি থেকে। এতে নির্মূল হবে জীবাশ্ম জ্বালানি। বিদ্যুৎচালিত পরিবেশবান্ধব যানবাহন নিশ্চিত হবে।
উদ্বোধনের পর একটি ইভি গাড়িতে চার্জ করার পাশাপাশি পুরো প্রক্রিয়াটি অবলোকন করেন অতিথিরা।







